জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি আবার পিছিয়েছে। খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ এ কে এম নাসির উদ্দিন মাহমুদ শুনানি পেছানোর এ আদেশ দেন। আদালত আগামী ১৫ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন। সংসদ অধিবেশনের কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারবেন না বলে সময়ের আবেদন জানান তাঁর আইনজীবীরা। এর আগে গত ২০ মার্চ, ৩ মার্চ ও ২৭ জানুয়ারি খালেদা জিয়ার পক্ষে আবেদন করা হলে শুনানি পেছানো হয়।মামলার অন্য আসামিদের মধ্যে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আইনজীবী হাজিরা দেন। আসামি কাজী কামাল আদালতে হাজির ছিলেন। আসামি শরফুদ্দিন আহমেদ চিকিৎসার জন্য বাইরে থাকায় তাঁর পক্ষেও জামিনের আবেদন করা হয়। আসামি কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করে।