বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফায় পিছিয়েছেন আদালত।গতকাল এ শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৩১ জুলাই শুনানির দিন ধার্য করেন। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ এ তারিখ ধার্য করেন।গতকাল আসামি সাদেক হোসেন খোকার পক্ষে সময়ের আবেদন জানিয়ে বলা হয়, তিনি অসুস্থ। চিকিৎসার জন্য তিনি বর্তমানে বিদেশে আছেন। তাই সময় প্রয়োজন।আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ। সাদেক হোসেন ছাড়া অন্য আসামিরা আদালতে হাজির ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বাস পোড়ানোর ঘটনায় এ মামলা করা হয়। এ মামলায় গত ১০ মে মির্জা ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে ২৭ মে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল জব্বারকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার ৪৬ আসামির মধ্যে মির্জা ফখরুলসহ ৩৯ জন জামিনে আছেন। পলাতক রয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি আবদুল জব্বার। কারাগারে আটক রয়েছেন তিনজন।