অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার দুই আসামি আদালতে অনুপস্থিত থাকায় গতকাল বুধবার অভিযোগ গঠনের শুনানি হয়নি। ২৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মামলার ধার্য তারিখে ফেনী জেলা কারাগারে থাকা ২৯ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা সাতজন আসামিকে জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফি উল্লাহর আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা চারজনও আদালতে উপস্থিত হন।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ বলেন, মামলার একজন আসামি ঢাকার বারডেম হাসপাতালে ও একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল তাঁদের আদালতে হাজির করা যায়নি। কারাগারে থাকা সব আসামিকে হাজির না করায় মামলার অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সেদিন আটক সব আসামিকে আদালতে হাজির রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গত ১১ জানুয়ারি কয়েকজন আসামি আদালতে অনুপস্থিত থাকায় শুনানি হয়নি।
এদিকে গতকাল আসামিপক্ষের আইনজীবীরা কয়েকজন আসামির জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যার ঘটনায় গত বছরের ২৮ আগস্ট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ইতিমধ্যে মামলার ৪২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১৪ জন এখনো পলাতক।
২০১৪ সালের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।