জিয়া চ্যারিটেবল এবং অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার অভিযোগ গঠন নিয়ে শুনানি হয়নি। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ মামলা দুটিতে শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মো. মোতাহার হোসেন পরবর্তী তারিখ ধার্য করেন। গতকাল খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদনে বলা হয়, ইফতার পার্টি নিয়ে ব্যস্ত থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এ ছাড়া ২৪ জুলাই খালেদা জিয়া ওমরাহ হজ পালন করতে যাবেন। দেশে ফিরবেন ৭ আগস্ট। এরপর আইনজীবীরা তারিখ নির্ধারণের জন্য খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু সময় আবেদনের বিরোধিতা করে বলেন, এই মামলায় বিভিন্ন তারিখে বিভিন্ন অজুহাতে একাধিকবার সময় চাওয়া হয়েছে। সাত দিন পর শুনানির তারিখ নির্ধারণ করার আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন বলেন, আদালত রাষ্ট্রপক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে তারিখ নির্ধারণ করে থাকেন। আদালতের উচিত রাষ্ট্র এবং আসামিপক্ষের বক্তব্য শুনবেন এবং নিজস্ব বিবেচনায় আদেশ দেবেন। শুনানি শেষে আদালত চ্যারিটেবল ট্রাস্টের মামলায় আগামী ১৮ আগস্ট এবং অরফানেজ ট্রাস্টের মামলায় আগামী ৫ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামি জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান আদালতে হাজির ছিলেন। এ মামলার অপর আসামি খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী পলাতক আছেন।এদিকে একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তারেক রহমানের পক্ষে তাঁর আইনজীবী হাজিরা দাখিল করেন। এ মামলার অন্য আসামি কাজী সলিমুল ও শরফুদ্দিন আহমেদ হাজির ছিলেন। ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা করে দুদক।