বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে গতকাল রোববারও শুনানি হয়েছে। অবশিষ্ট শুনানির জন্য আগামী ২ অক্টোবর দিন ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আমিনুল ইসলাম।
গতকাল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়া আদালতে হাজির হননি। তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। খালেদা জিয়া ছাড়া অন্য আসামি সেলিম ভূঁইয়া, গিয়াসউদ্দিন আল মামুন, শফিউর রহমান, খন্দকার শহীদুল ইসলাম ও ইউসুফ হোসেনের পক্ষে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি করেন আইনজীবীরা। গতকাল শুনানি শেষ না হওয়ায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
খালেদা জিয়া ১০ আগস্ট এ মামলায় আদালতে হাজির হন। সেদিন অভিযোগ গঠনের বিষয়ে আংশিক শুনানি হয়।
এদিকে ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগে করা মামলায় গতকাল সাক্ষ্য গ্রহণের জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেন অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস। খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে সোনালী ব্যাংকের করা এ মামলায় গতকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।