টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। এ নিয়ে মামলাটির অভিযোগ গঠনের শুনানি পঞ্চমবারের মতো পেছাল।
মামলাটির প্রধান আসামি সাংসদ আমানুর রহমান খান রানাকে আদালতে হাজির না করায় গতকাল বুধবার অভিযোগ গঠনের শুনানি হয়নি। এর আগেও একই কারণে চারবার এ মামলার অভিযোগ গঠন হয়নি।
>অসুস্থতার কারণে আদালতে হাজির না থাকায় এর আগে চারবার অভিযোগ গঠনের শুনানির তারিখ পেছানো হয়
আসামিপক্ষের আইনজীবী এস আকবর খান প্রথম আলোকে বলেন, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক আবুল মনসুর মিয়ার আদালতে গতকাল শুনানি গঠনের তারিখ ধার্য ছিল। কিন্তু কাশিমপুর কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে, সাংসদ আমানুর অসুস্থ হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই তাঁকে হাজির করা যায়নি। পরে আদালত অভিযোগ গঠনের জন্য আগামী ২৪ এপ্রিল নতুন তারিখ দিয়েছেন।
২২ মাস পলাতক থাকার পর সাংসদ আমানুর গত ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। এর আগে ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর ও ৯ নভেম্বর এবং চলতি বছরের ১৭ জানুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজির করতে না পারায় এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পেছানো হয়।
থানা-পুলিশ সূত্র জানায়, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসার সামনে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এর তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। প্রথমে থানা-পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত শুরু করে। ২০১৪ সালের আগস্টে সন্দেহভাজন হিসেবে আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী গ্রেপ্তার হন। আদালতে তাঁদের স্বীকারোক্তিতে সাংসদ আমানুর রহমান খান রানা ও তাঁর তিন ভাইয়ের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। এরপর থেকে আমানুর ও তাঁর ভাইয়েরা আত্মগোপনে চলে যান।
গত বছর ৩ ফেব্রুয়ারি আমানুর, তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান (মুক্তি) ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাঁকন) এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খানসহ (বাপ্পা) ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।