অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া আগামী ১২ অক্টোবর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

মির্জা ফখরুল ইসলামের আইনজীবীরা গতকাল আদালতে সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুটি মামলায় শুনানি চলছে। তাই আইনজীবীরা ক্লান্ত হয়ে পড়ায় তাঁদের পক্ষে এই মামলায় শুনানি করা সম্ভব নয়। শুনানি শেষে আদালত পরবর্তী তারিখ ধার্য করেন। মির্জা ফখরুলসহ মামলার অন্য আসামিরা এ সময় আদালতে হাজির ছিলেন।

গত বছরের ৩ মার্চ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত বিচার আইনে এ মামলা করা হয়। মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান প্রমুখ।