অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। গতকাল মঙ্গলবার বিচারিক হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে শুনানির দিন ধার্য ছিল।
বাদীর আইনজীবী নজরুল ইসলাম বলেন, কর্নেল অলি হাজির না হওয়ায় এবং বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির কারণে মামলার শুনানি হয়নি।
নজরুল ইসলাম আরও বলেন, ২০১১ সালের ৮ ডিসেম্বর সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আবু আহমদ কর্নেল অলির বিরুদ্ধে ৫০০ ও ৫০৬ ধারায় মানহানির মামলা দায়ের করেন। এ মামলায় ধার্য দিনে কয়েক দফায় অলি হাজির হননি। গত ৫ ডিসেম্বর আদালত তাঁকে ৩১ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
কর্নেল অলি ২০১১ সালের ১৭ নভেম্বর সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের এলডিপি আয়োজিত সমাবেশে বলেছিলেন, ‘আমি সরকারের বিরুদ্ধে কথা বলায় আমার বাসায় প্রধানমন্ত্রী একজন মন্ত্রী পাঠিয়ে টাকার লোভ দেখাচ্ছেন। আমি বলেছি, তাঁরা বেইমানের দল। পুরো বাংলাদেশ দিলেও তাঁদের সঙ্গে যাব না।’