দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে করা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ ২৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিনের আদালতে শুনানির দিন ধার্য ছিল। পরে আদালত আগামী ১১ অক্টোবর শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, মহিউদ্দিন চৌধুরী পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করায় তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। পরে আদালত তা গ্রহণ করে আগামী ১১ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন।
মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী রনি দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নগরের মুরাদপুর এলাকায় সিটি করপোরেশনের বাস টার্মিনালের যাত্রী ছাউনিতে ২৩টি দোকান বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের আগে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে মনগড়াভাবে এসব দোকানের দাম নির্ধারণ করার অভিযোগে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর চট্টগ্রামের পরিদর্শক সামসুল আলম ২০০২ সালের ১৩ অক্টোবর কোতোয়ালি থানায় মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে দুদকের চট্টগ্রামের পরিদর্শক জাহাঙ্গীর আলম ২০০৬ সালের ৯ ফেব্রুয়ারি মহিউদ্দিন চৌধুরীসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বাকি আসামিরা দোকানের গ্রহীতা।
দুদকের আইনজীবী জানান, একই আদালতে গতকাল মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি।