অভিযোগ গঠনের শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডের’ ১১ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। পরে আদালত আগামী ২৯ আগস্ট পরবর্তী দিন ধার্য করেন। এর আগে গত ১৪ মে শুনানির দিন ছিল।
সরকারি কৌঁসুলি নোমান চৌধুরী প্রথম আলোকে বলেন, মো. জায়েদুল্লাহ ওরফে জাহেদ নামের এক আসামির আইনজীবী গত ২১ মার্চ আবেদন করেন ঘটনার সময় আসামির বয়স ১৮ বছরের কম ছিল। পরে আদালত চট্টগ্রাম জেলা সিভিল সার্জনকে মেডিকেল প্রতিবেদন দিতে নির্দেশ দেন। সেখান থেকে জানানো হয়, আসামির বয়স নির্ধারণ করা যাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে হাসপাতালে চিঠি দেওয়া হলেও সেখান থেকে প্রতিবেদন পাওয়া যায়নি। এ কারণে অভিযোগ গঠনের শুনানি হয়নি।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি নগরের হালিশহর থানার গোল্ডেন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৭৬টি শক্তিশালী বোমা, ১৫০ কেজি বিস্ফোরক, ৩০ ধরনের বোমা তৈরির সরঞ্জাম, ২৪টি শটগানের গুলি, বিপুল পরিমাণ তার, বাল্ব, মুখোশ, দস্তানা ও বুট উদ্ধার করে র্যা ব। এ ঘটনায় হালিশহর থানায় মামলা হয়।