
রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় আসামি সাংসদপুত্র বখতিয়ার আলম ওরফে রনির বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি গতকাল রোববার শেষ হয়েছে। আগামী ৬ মার্চ এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন ঢাকার ২ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সামছুন্নাহার।
অভিযোগ গঠনের শুনানির জন্য এর আগে আদালত চার দফা তারিখ ধার্য করেছিলেন। বখতিয়ার আলম মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে।
গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি ছোড়া গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন। ৩১ মে বখতিয়ারকে আটক করে পুলিশ। এই জোড়া খুনের মামলায় ২১ জুলাই বখতিয়ার আলমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
অভিযোগ গঠনের বিষয়ে শুনানির আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বখতিয়ারকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তাঁর আইনজীবী কাজী নজিবুল্লাহ আদালতে বলেন, বখতিয়ার সম্পূর্ণ নির্দোষ। মামলার রেকর্ডপত্রে যা এসেছে তাতে দেখা যায়, মাদকাসক্ত অবস্থায় তিনি গুলি ছুড়েছেন। এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল না। কয়েকজনকে আসামি করার ভয় দেখিয়ে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে। যে ব্যালিস্টিক প্রতিবেদন দেওয়া হয়েছে, সেখানে এই আসামির পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছে কি না, তা নিশ্চিত করা নেই।
পরে রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি মাকসুদুর রহমান শুনানিতে বলেন, এই আসামির ছোড়া গুলিতেই দুজন নিরীহ লোক মারা গেছেন। তাই তাঁর বিরুদ্ধে অবশ্যই দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন হবে।
উভয় পক্ষের শুনানির পর আদালত বলেন, মামলার রেকর্ডপত্র পর্যালোচনা করে এ বিষয়ে ৬ মার্চ আদেশ দেওয়া হবে।
শুনানির আগে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশের পিকআপ ভ্যানে করে বখতিয়ারকে আদালতে নেওয়া হয়। আদালত প্রাঙ্গণে পিকআপ থেকে তিনি ক্রাচ নিয়ে নামেন। এরপর হুইলচেয়ারে বসে মাথা নিচু করে আদালতের হাজতখানার দিকে যান। পরে তাঁকে এজলাস কক্ষে নেওয়া হয়। শুনানির পুরো সময়ও হুইলচেয়ারে বসা বখতিয়ার মাথা নিচু করে রাখেন। শুনানি শেষে তাঁকে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। অর্থোপেডিক সমস্যার কথা জানালে চিকিৎসকের পরামর্শে কারাগার থেকে গত ৩১ জানুয়ারি তাঁকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
গতকাল আদালতে হাজির ছিলেন নিহত ইয়াকুবের স্ত্রী সালমা বেগম ও একমাত্র মেয়ে রুনা আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তাঁরা প্রথম আলোকে বলেন, সাংসদের ছেলে তাঁদের সংসার লন্ডভন্ড করে দিয়েছেন। তাঁরা বখতিয়ারের কঠোর শাস্তির দাবি জানান।