বিচারক ছুটিতে থাকায় টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে বহুজাতিক কোম্পানির কর্মী রূপা খাতুনকে ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি গতকাল সোমবার হয়নি। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই শুনানি হওয়ার কথা ছিল।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম নাছিমুল আক্তার বলেন, গত ২৫ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল মান্নান অভিযোগপত্র গ্রহণ করেন। সোমবার এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। ২২ নভেম্বর নতুন তারিখ দিয়েছেন আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবুল মনসুর মিয়া।
কারাগারে আটক ওই মামলার আসামি ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর (৪৫), সুপারভাইজার সফর আলী (৫৫) এবং সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীরকে (১৯) গতকাল আদালতে হাজির করা হয়।
১৫ অক্টোবর পুলিশ বিচারিক হাকিম আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেয়। পরদিন ১৬ অক্টোবর বিচারিক হাকিম আদালত থেকে বিচারিক আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহে যাওয়ার পথে রূপা খাতুনকে চলন্ত বাসে পরিবহনশ্রমিকেরা ধর্ষণ করেন। পরে তাঁকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রেখে যান। পুলিশ রাতেই তাঁর লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরদিন বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন।
রূপার ভাই ২৮ আগস্ট মধুপুর থানায় এসে লাশের ছবি দেখে রূপাকে শনাক্ত করেন। পরে পুলিশ বাসচালকসহ অন্য আসামিদের গ্রেপ্তার করে। পুলিশের কাছে তাঁরা রূপাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।