অভিযোগ গঠনের শুনানি ১৭ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার খালেদা জিয়ার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আমিনুল ইসলাম এ তারিখ ধার্য করেন।
এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির ধার্য দিনে গতকাল খালেদা জিয়ার আইনজীবীরা সময়ের আবেদন জানান। তাঁরা আবেদনে বলেন, খালেদা জিয়া অসুস্থ ও রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকায় আদালতে আসতে পারেননি। আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মহসীন মিয়া, ওমর ফারুকী, জয়নাল আবেদীন প্রমুখ।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন। আসামিপক্ষ মামলার বৈধতা চ্যালেঞ্জ করলে হাইকোর্ট ওই বছরের ৯ জুলাই এ মামলার কার্যক্রম স্থগিত করেন এবং রুল দেন। প্রায় সাত বছর পর চলতি বছরের ১৮ জুন হাইকোর্ট রুল নিষ্পত্তি করেন। এই মামলায় গত ৩০ নভেম্বর বিশেষ জজ আদালত-৯-এ খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন নেন।
মামলার অন্য আসামিরা হলেন মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।