ঢাকার অদূরে আশুলিয়ার কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতির ঘটনায় করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আগামী ১৮ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এই দিন ধার্য করেন।
গত ১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই ১১ জন হলেন বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আব্দুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ ওরফে সোহেল রানা। তাঁদের মধ্যে পলাশ পলাতক। বাবুল সরদার, মিন্টু প্রধান, উকিল হাসান ও শাজাহান জমাদ্দার বাদে অন্য সবাই জেএমবির সদস্য।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় এই ডাকাতির ঘটনা ঘটে। বাধা দিলে ওই ব্যাংকের কর্মচারীসহ আটজনকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। আসামিদের কাছ থেকে ব্যাংক থেকে লুটে নেওয়া ছয় লাখ সাত হাজার ২৫৫ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেএমবির একাধিক সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।