অভিযোগ গঠনের শুনানি ২০ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন কবির সাব্বির (৩০) হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীরসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ২০ জানুয়ারি ধার্য করা হয়েছে।গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ তারিখ ধার্য করেন। সাব্বির বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক ছিলেন। তিনি ২০০৬ বছরের ৪ জুলাই রাতে খুন হন।১০ জানুয়ারি এই খুনের মামলার কার্যক্রম স্থগিতসংক্রান্ত হাইকোর্টের আদেশের অনুলিপি দাখিল করতে না পারায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আসামি সানবীর, নূরে আলম ও হুমায়ূন কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে জামিনে থাকা দুই আসামি বসুন্ধরার কর্মকর্তা শামসুদ্দিন এবং সানবীরের সহযোগী (কথিত মামা) খায়রুল হাসান ওরফে উজ্জ্বলকে আদালতে হাজির হওয়ার আদেশ দেন আদালত। গতকাল শামসুদ্দিন ও উজ্জ্বল আদালতে হাজির হন। তাঁরা নতুন করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।গতকাল রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম আদালতে জানান, আসামি সানবীর, নূরে আলম ও হুমায়ূন কবিরের বিরুদ্ধে আগেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তাঁরা আদালতে হাজির হননি। তা ছাড়া উচ্চ আদালতে মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে কোনো বাধা নেই। এর পর আদালত অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।প্রসঙ্গত, সাব্বিরকে হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৮ সালের ৮ মে সিআইডি অভিযোগপত্র দেয়। তখন মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর আসামিপক্ষের আবেদনে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। সম্প্রতি হাইকোর্ট মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন।মামলার নথি অনুযায়ী, ২০০৬ বছরের ৪ জুলাই রাতে খুন হন সাব্বির। পরের দিন সকালে গুলশান ১ নম্বরের ১০৪ নম্বর সড়কের ৩/জি নম্বর বাসার নিচতলায় দেয়ালের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক শামসুদ্দিন আহমেদ ৫ জুলাই সকালে গুলশান থানার পুলিশকে ফোনে জানান, ওপর থেকে নিচে পড়ে সাব্বির মারা গেছেন। কিন্তু লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। ৭ জুলাই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পুলিশ গুলশান থানায় হত্যা মামলা করে এবং শামসুদ্দিন ও উজ্জ্বলকে গ্রেপ্তার করে। আর সানবীর তৎকালীন বিএনপি সরকারের উচ্চমহলের সঙ্গে যোগসাজশে ঘটনার পরপরই বিদেশে চলে যান বলে অভিযোগ আছে।