বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া ফাঁসের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে গতকাল বুধবার শুনানি হয়নি। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সাইবার অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান আগামী ২৭ জুলাই নতুন তারিখ ধার্য করেন।
রায়ের খসড়া ফাঁসের এই মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, আইনজীবী ফখরুল ইসলামসহ সাতজনকে আসামি করা হয়েছে।
গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে গতকাল সংশ্লিষ্ট আদালতের বিচারক না থাকায় আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। ভারপ্রাপ্ত বিচারক তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
অভিযোগপত্রভুক্ত অন্য চার আসামি হলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ম্যানেজার এ কে এম মাহবুবুল হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন, পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী ও ফখরুল ইসলামের সহকারী মেহেদী হাসান।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদেরকে ২০১৩ সালের ১ অক্টোবর মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে সেদিন রায় ঘোষণা হওয়ার আগেই সালাউদ্দিনের স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তাঁরা রায়ের খসড়া কপি সংবাদকর্মীদের দেখান।
রায় ঘোষণার পরদিন এ ব্যাপারে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে শাহবাগ থানায় মামলা করেন। ডিবি পুলিশের পরিদর্শক মো. শাহজাহান ২০১৪ সালের ২৮ আগস্ট সাকা চৌধুরীর স্ত্রী-ছেলে, আইনজীবী ফখরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।