২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ নতুন ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আবারও পিছিয়েছেন আদালত। ২৭ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ তারিখ নির্ধারণ করেন। এর আগে ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য তারিখ ধার্য ছিল। ওই দিনও আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গতকাল শুনানির তারিখ ধার্য করেছিলেন।আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, তারেক রহমানের পারিবারিক খরচে জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজ্জাক খানকে নিয়োগ দেওয়ার জন্য আবেদন করেছেন। তবে আদালত এই আবেদনের ওপর কোনো আদেশ না দিয়ে তা নথিতে রাখার নির্দেশ দিয়েছেন।এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, রাষ্ট্রের খরচে পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। একজন পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন করতে পারেন না। এ ছাড়া এ ধরনের আবেদনের আইনগত কোনো ভিত্তিও নেই। গতকাল ১৪ জন আসামির পক্ষে সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে নতুন তারিখ ধার্য করেন। গত ৩ জুলাই সিআইডি তারেক রহমান, হারিছ চৌধুরী, লু ৎফুজ্জামান বাবর, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩০ জনকে নতুন আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয়।২০০৮ সালের ১১ জুন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে এই মামলায় প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। উভয় অভিযোগপত্র মিলে এখন মোট আসামি ৫২ জন। এর মধ্যে ৩১ জন কারাগারে, দুজন জামিনে ও ১৯ জন পলাতক।