রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলায় আগামী ৯ জুলাই অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই তারিখ ধার্য করেন।
গতকাল এই মামলার অভিযোগপত্র আমলে নেওয়া-সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল। এ কারণে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, নাঈম আশরাফ ওরফে আবদুল হালিম, সাদমান সাকিফসহ মামলার পাঁচ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করার পর তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে তাঁদের কারাগারে নেওয়া হয়।
৮ জুন এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামি হলেন শাফাত আহমেদ, তাঁর বন্ধু নাঈম আশরাফ, সাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।
অভিযোগপত্রে বলা হয়, জন্মদিনের পার্টির কথা বলে গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করেন শাফাত ও নাঈম ওরফে আবদুল হালিম।
অভিযোগপত্রে বলা হয়, ২৮ মার্চ দুই তরুণী রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন। এ ঘটনার ১০-১৫ দিন আগে তেজগাঁও লিংক রোডের পিকাসো রেস্তোরাঁয় তাঁদের আলাপ-পরিচয় হয়। এরপর প্রায়ই বাদীর সঙ্গে টেলিফোনে আসামি শাফাত আহমেদের কথা হতো। এই আলাপ-আলোচনার মাঝে শাফাত তাঁর জন্মদিনে বাদীকে বান্ধবীসহ আসতে বলেন। শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী নিকেতন থেকে দুই ছাত্রীকে গাড়িতে করে রেইনট্রি হোটেলে আনেন। হোটেলে পার্টির পরিবেশ না দেখে তাঁরা চলে যেতে চাইলে শাফাত ও তাঁর বন্ধুরা বাধা দেন। তাঁরা কেক কাটার পর যেতে বলেন। বাদীর বন্ধু শাহরিয়ার ও এক বান্ধবী এ সময় চলে যেতে চাইলে শাফাত ও নাঈম মারধর করেন শাহরিয়ারকে। তাঁরা শাহরিয়ারের গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে তাঁকে ও তাঁর বান্ধবীকে একটি কক্ষে আটকে রাখেন। এরপর শাফাত আহমেদ বাদীকে ও নাঈম বাদীর বান্ধবীকে ধর্ষণ করেন। গত ৬ মে বাদী বনানী থানায় এ মামলা করেন।