অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ১০ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি গতকাল সোমবার পেছানো হয়েছে। আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১০ আগস্ট অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আমিনুল ইসলাম এ তারিখ ধার্য করেন। গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ জানিয়ে তাঁর পক্ষে আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ: এদিকে ২০১৫ সালের প্রথম দিকে হরতাল-অবরোধের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা হত্যা মামলায় গতকালও তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ। আদালত আগামী ২০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন।

মামলাটি তদন্ত করছে গুলশান থানার পুলিশ।