অভিযোগ ছাড়াই ছাত্রলীগ নেতা আটক!
নেত্রকোনায় ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদকে সাদাপোশাকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার বলছেন, ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে নিয়ে গেছে। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ তা তাঁরা জানেন না।
তোফায়েল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর চাচা নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে ৮ থেকে ১০ জন সাদাপোশাকে থাকা পুলিশ পৌর শহরের রূপালী ব্যাংকের পাশে এসে নামে। তাদের মধ্যে চার-পাঁচজন ব্যক্তিগত কার্যালয় থেকে তোফায়েলকে মাইক্রোবাসে তুলে নেন। বাকি চার-পাঁচজন কেন্দুয়ার কান্দিউড়া এলাকায় গ্রামের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে তোফায়েলের মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে যান। আধা ঘণ্টার মধ্যে ডিবি পুলিশ কেন্দুয়া ছেড়ে আঠারবাড়ি-ময়মনসিংহ সড়কের দিকে তোফায়েলকে নিয়ে চলে যায়।
চাচা রিয়াজউদ্দিন আরও বলেন, ‘তোফায়েলকে ধরে নিয়ে গেলেও কোনো অভিযোগের কথা জানায়নি পুলিশ। বিষয়টি নিয়ে চিন্তিত আছি।’
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘তোফায়েল আহমেদকে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নিয়ে গেছে। তবে তাঁকে কেন নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে বা তাঁর বিরুদ্ধে কী অভিযোগ তা এখনো জানা যায়নি।’