অভিযোগ তদন্তে কেন নির্দেশ দেওয়া হবে না: রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতিথি নিবাসের জন্য জমি কেনায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে অর্থ অনিয়ম নিয়ে খবরে আসা অভিযোগ অনুসন্ধান-তদন্ত করতে দুদককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এই রুল দেন।
খবরে আসা অভিযোগ অনুসন্ধান-তদন্তে বিবাদীর নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘রাজশাহী বিশ্ববিদ্যালয়, জমি কেনা নিয়ে নয়ছয়’ শিরোনামে গত ৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে বলা হয়, অতিথি নিবাস বানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজধানীর হাতিরপুল এলাকায় সাড়ে তিন কাঠা জমি কিনেছে। দলিলে ওই জমির দাম দেখানো হয়েছে সাড়ে ৩ কোটি টাকা। কিন্তু সিন্ডিকেটে চুক্তিপত্র অনুমোদন করানো হয়েছে ১১ কোটি টাকা, অর্থাৎ প্রতি কাঠা ৩ কোটি ১৪ লাখ টাকার কিছু বেশি। এ ছাড়া ‘জমি কিনতে রাবিতে গুরুতর জালিয়াতি’ শিরোনামে আরেকটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এ নিয়ে প্রকাশিত পাঁচটি প্রতিবেদন যুক্ত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসাদুজ্জামানের পক্ষে আইনজীবী মো. শাহাদত আলম ১২ মার্চ রিটটি করেন। রিটে চারজনের বিরুদ্ধে খবরে আসা অর্থ অনিয়মের অভিযোগ দুদককে দিয়ে অনুসন্ধান-তদন্তের নির্দেশনা চাওয়া হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। পরে এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, জমি কেনা নিয়ে সংবাদমাধ্যমে আসা খবরে তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটি যেমন অপরাধ, একইভাবে তাঁদের বক্তব্য অনুসারে দলিলে কম টাকা প্রদর্শন করে অপেক্ষাকৃত বেশি মূল্য পরিশোধ করা হলে তাও অপরাধ। কেননা, এটি হলে এর মাধ্যমে সরকারের প্রাপ্য ফি ও কর ফাঁকিতে সহায়তা করা হয়েছে। এটিও অপরাধ। এসব যুক্তিতে রিট করা হলে আদালত ওই রুল দেন।