নিম্নমানের ওষুধ তৈরির অভিযোগ থাকা ৬২টি কোম্পানির তৈরি ওষুধ পরীক্ষা করছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। পরীক্ষা শেষে অভিযোগ প্রমাণিত হলে এসব কোম্পানির বিরুদ্ধে অধিদপ্তর ব্যবস্থা নেবে। জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন মল্লিক স্বাক্ষরিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ আইন ১৯৪০, ড্রাগ রুলস ১৯৪৫, দ্য বেঙ্গল ড্রাগ রুলস ১৯৪৬ এবং ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী সরকারি বিশ্লেষক কর্তৃক নিম্নমান ঘোষিত না হওয়া পর্যন্ত বাজার থেকে ওষুধ প্রত্যাহার করা যায় না। ওষুধ প্রশাসন অধিদপ্তরের জেলা ও মাঠপর্যায়ের কর্মকর্তারা ৬২টি প্রতিষ্ঠানের ওষুধের নমুনা সংগ্রহ করছে এবং পরীক্ষা করছে।এর আগে কমিটি গত ২৩ জানুয়ারি ওই ৬২টি কোম্পানির কী পরিমাণ ওষুধ বাজারে আছে, সে সম্পর্কে তথ্য জানতে চায়। এ ছাড়া কমিটির সুপারিশের পরও কেন ওই কোম্পানিগুলোর ওষুধ বাজার থেকে প্রত্যাহার করা হয়নি তা নিয়ে অসন্তোষ জানায় কমিটি।কমিটির আগের বৈঠকে নিম্নমানের ওষুধ প্রস্তুতের কারণে সনদ বাতিল করা যে নয়টি প্রতিষ্ঠান উচ্চ আদালতের অনুমতি নিয়ে উৎপাদন চালিয়ে যাচ্ছে, তাদের তৈরি করা ওষুধ সাধারণের জীবন ও স্বাস্থ্যের জন্য হুমকি হিসেবেও চিহ্নিত করা হয়। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এ বিষয়ে গতকাল বৈঠকে ওষুধ প্রশাসন অধিদপ্তর জানায়, ওই নয়টি প্রতিষ্ঠানের মামলাগুলো তদারকির জন্য অধিদপ্তরের একজন কর্মকর্তা কাজ করছেন।কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে গতকালের বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ আমান উল্লাহ, এম এ মান্নান ও মুরাদ হাসান অংশ নেন।