যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দি ইকোনমিস্টকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, সাময়িকীটির চীন সংস্করণের সম্পাদক রব গিফোর্ড এবং দক্ষিণ এশীয় ব্যুরোর প্রধান এডাম রবার্টসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো। তবে আদেশের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, ট্রাইব্যুনালের কোনো সদস্যের সঙ্গে কোনো সাংবাদিক সরাসরি বা টেলিফোনে যোগাযোগ করতে পারবেন না। মামলাসংক্রান্ত তথ্যের প্রয়োজনে সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে বা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আবেদন করে তথ্য সংগ্রহ করতে হবে। আইন লঙ্ঘন করে বা অবৈধ উপায়ে কোনো তথ্য সংগ্রহ করে তা গণমাধ্যমে প্রকাশ বা প্রচার করা উচিত হবে না। এ ছাড়া ট্রাইব্যুনালের নৈমিত্তিক বিচারিক কার্যক্রম নিয়ে খবর প্রকাশে গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে।
একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার-প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যানের ই-মেইল ও স্কাইপ অ্যাকাউন্ট হ্যাক করে গোপনীয়তা নষ্টের অভিযোগে গত বছরের ৬ ডিসেম্বর ইকোনমিস্ট-এর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন ট্রাইব্যুনাল-১। ওই সময় এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন বিচারপতি নিজামুল হক।