নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে নসিব পরিবহনের কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ওই পরিবহনের মালিকেরা। একই সঙ্গে তাঁরা প্রশাসনের কাছে নিরাপত্তাও চেয়েছেন। গতকাল শুক্রবার নসিব পরিবহনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এদিকে গত বৃহস্পতিবারের ঘটনায় উভয় পক্ষ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। বাসমালিকদের অভিযোগ, আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের চাপে থানায় বাসমালিকদের করা অভিযোগ থেকে তাঁর শ্যালক এহসানুল হাসান ওরফে নিপুর নাম বাদ দেওয়া হয়েছে।
সংবাদ সমেঞ্চলনে নসিব পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. আল আমিন জানান, বৃহস্পতিবারের ঘটনায় বাসমালিকদের হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ থেকে শামীম ওসমানের চাপে তাঁর শ্যালক এহসানুলের নাম বাদ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদা বন্ধ করে দেওয়ায় নসিব পরিবহনের মালিকেরা বর্তমানে লাভজনক অবস্থায় রয়েছেন। ফলে গাড়িচালক ও তাঁদের সহকারীর বেতনও বাড়ানো হয়েছে।
জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, বৃহস্পতিবারের ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শামীম ওসমানের চাপে অভিযোগ থেকে এহসানুলের নাম বাদ দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
নসিব পরিবহনের কার্যালয়ে বৃহস্পতিবার দুই দফা সশস্ত্র হামলা চালানো হয়।