বরগুনার আমতলী এমইউ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় গতকাল বৃহস্পতিবার আমতলী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুল ইসলাম এ আদেশ দেন।৫ মার্চ বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নেতৃত্বে দলীয় ক্যাডাররা তাঁকে বিদ্যালয় থেকে ধরে এনে বেদম মারধর করে। পরে জামায়াতের সমর্থক হিসেবে তাঁকে পুলিশে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে ৬ মার্চ থেকে বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করে আসছে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাঁদের পছন্দ অনুযায়ী নতুন আহ্বায়ক কমিটি গঠন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বরিশাল শিক্ষা বোর্ডে প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন। হরতালের কারণে তা পাঠাতে দেরি হওয়ায় ওই শিক্ষককে মারধর এবং জামায়াত-সমর্থক হিসেবে পুলিশে সোপর্দ করা হয়।