
বনানীর একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিন বন্ধু। খাবারের সঙ্গে তাঁরা তিন বোতল কোমল পানীয় নেন। বিল দেওয়ার সময় দেখেন, পানীয় তিনটির দাম বোতলের গায়ে নির্ধারিত দামের চেয়ে বেশি ধরা হয়েছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানিয়েও তাঁরা কোনো প্রতিকার পাননি। পরে তাঁদের একজন উইলসন সেতু বিশ্বাস প্রতিকার চেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। শুনানি শেষে ওই রেস্তোরাঁকে আট হাজার টাকা জরিমানা করেছে অধিদপ্তর।
উইলসন সেতু বিশ্বাসের মতোই প্রতিদিন গড়ে ১৮ জন ভোক্তা প্রতিকার চেয়ে অধিদপ্তরে অভিযোগ করছেন। অধিদপ্তরও দ্রুত এসব অভিযোগের নিষ্পত্তি করছে। আইন অনুযায়ী, অভিযোগকারীরা অধিদপ্তর কর্তৃপক্ষের আদায় করা জরিমানার ২৫ শতাংশ পান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর বলেন, পণ্যের গায়ে ধার্য করা মূল্যের অতিরিক্ত অর্থ নেওয়া অপরাধ এবং একধরনের প্রতারণা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ নম্বর ধারা অনুযায়ী এটি শাস্তিযোগ্য।
ভুক্তভোগী উইলসন সেতু বিশ্বাস প্রথম আলোকে বলেন, রেস্তোরাঁয় কোমল পানীয়ের তিনটি কাচের বোতলের মূল্য ধরা হয়েছিল ১৫০ টাকা, প্রতিটি ৫০ টাকা করে। প্রতিবাদ করলে প্রতি বোতলের দাম ধরে তারা ২০ টাকা। কিন্তু বোতলের গায়ে লেখা সর্বোচ্চ মূল্য ১৬ টাকা। বিলসহ বিষয়টি তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। কয়েক দিনের মধ্যেই রেস্তোরাঁ কর্তৃপক্ষ ও তাঁকে অধিদপ্তরে শুনানির জন্য ডাকা হয়। শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় রেস্তোরাঁ কর্তৃপক্ষকে আট হাজার টাকা জরিমানা করা হয়। গত বুধবার সেতু বিশ্বাস সেই টাকার ২৫ শতাংশ (দুই হাজার) হাতে পেয়েছেন।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকারবিরোধী কাজ প্রতিরোধে ২০০৯ সালে আইন প্রণয়ন করা হয়। ২০১০ সালের ৬ এপ্রিল বাজার তদারকির মাধ্যমে এই আইনের বাস্তবায়ন শুরু হয়। এই আইনের ৩৭ থেকে ৪০ নম্বর ধারাগুলোয় বলা হয়েছে, মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা, পণ্য ও সেবার মূল্যতালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্য দাবি করা শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধে অনূর্ধ্ব এক বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান আছে। এসব ধারায় (৩৭ থেকে ৪০) ২০১০ সালের ৬ এপ্রিল থেকে গত ৩১ জুলাই পর্যন্ত ১১ হাজার ৯৩৮টি প্রতিষ্ঠানকে ৬ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৯৫০ টাকা জরিমানা করেছে অধিদপ্তর।
শফিকুল ইসলাম লস্কর বলেন, প্রথম দিকে জনবল কম থাকায় এবং জনগণ এই আইন সম্পর্কে সচেতন না থাকায় অভিযোগের সংখ্যা কম ছিল। ভোক্তা অধিকার নিয়ে গণশুনানি ও জনসচেতনতামূলক কর্মসূচির পর অভিযোগের সংখ্যা বেড়েছে। গত বছর ৩১৯টি গণশুনানি ও ১ হাজার ২০০ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, ২০১৬ সালে যেখানে অভিযোগ জমা পড়েছিল ১ হাজার ৬২২টি, সেখানে চলতি বছরের শুধু জুলাই মাসে ১ হাজার ৬৪টি অভিযোগ জমা পড়ে। এই আইন আরও কার্যকর করতে জনসাধারণকে এগিয়ে আসতে হবে এবং সচেতনতা আরও বাড়াতে হবে।
অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১০ সালে অভিযোগের সংখ্যা ছিল ৭৩টি, ২০১১ সালে ৫টি, ২০১২ সালে ৬৯টি, ২০১৩ সালে ৩২টি, ২০১৪ সালে ৫৩৭টি, ২০১৫ সালে ২২৫টি, ২০১৬ সালে ১ হাজার ৬২২টি এবং এ বছরের প্রথম সাত মাসে অভিযোগ পড়েছে ৬ হাজার ৬০টি।
অধিদপ্তরের জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন বলেন, সরাসরি অভিযোগ করার পাশাপাশি ই-মেইলে অভিযোগ করার সুযোগ থাকায় সারা দেশ থেকেই এখানে অভিযোগ আসছে। তবে অধিকাংশ অভিযোগই রাজধানীবাসীর করা এবং এই ভোক্তারা বয়সে তরুণ। তিনি বলেন, ভোক্তারা যেসব অভিযোগ করেন, তার প্রায় ৮০ শতাংশ পণ্যের মূল্য বেশি নেওয়া–সংক্রান্ত। আবার এই অভিযোগগুলোর প্রায় ৭০ শতাংশই রেস্তোরাঁর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও সহজে প্রমাণ করার সুযোগ থাকায় এ ধরনের অভিযোগ বেশি হচ্ছে।
মাসুম আরেফিনের তথ্যের সূত্র ধরে ফেসবুকে ঢুকে দেখা গেছে, রেস্তোরাঁয় খাবার খেয়ে পানি বা কোমল পানীয়র মূল্য বেশি নেওয়ার অভিযোগে অনেকেই অধিদপ্তরে অভিযোগ করেছিলেন এবং প্রতিকার পেয়েছেন বলে তাঁদের স্ট্যাটাসে জানিয়েছেন।
আমবারিন খান নামে এক ভুক্তভোগী ন্যায়বিচার পেয়েছেন জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমি আর তাইজুল এক স্বনামধন্য রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। আমরা অনেক কিছুর সঙ্গে ৫০০ মিলি মাম পানিও নিয়েছিলাম। বিল দেওয়ার সময় তারা ১৫ টাকার পানি ২০ টাকা রাখে। আমরা জিজ্ঞেস করায় তাদের কাছ থেকে উগ্র স্বরে উত্তর আসে। তাদের ওই ব্যবহার আমার কাছে খুবই খারাপ লাগে। আমি বিলের কপি নিয়ে চলে আসি এবং জাতীয় ভোক্তা অধিকারে অভিযোগ জানাই। ১০ দিনের মাথায় আমার অভিযোগের রিপ্লাই (জবাব) আসে এবং আমাকে শুনানির জন্য ডাকা হয়...।’ দুই পক্ষের শুনানি শেষে ওই রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার ২৫ শতাংশ আমবারিন খান পেয়েছেন বলে স্ট্যাটাসে জানান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারের টিসিবি ভবনের অষ্টম তলায় জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রে অভিযোগ করতে এসেছিলেন মোরসালিন আলিফ নামের এক যুবক। তিনি বলেন, গত বুধবার বন্ধুদের সঙ্গে বনানীর একটি রেস্তোরাঁয় তিনি খেয়েছেন। ভ্যাটসহ বিল হয়েছে ১ হাজার ৬২২ টাকা। এর মধ্যে তিনটি কোকের ক্যানের দাম নেওয়া হয়েছে ২৪০ টাকা (প্রতিটি ৮০ টাকা), যদিও ক্যানের গায়ে লেখা মূল্য ৪০ টাকা। ক্যানের দ্বিগুণ দাম নেওয়ায় তিনি ওই রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ জমা দিতে এসেছেন।
যেভাবে অভিযোগ করবেন
www.dncrp.gov.bd এই ওয়েবসাইট থেকে ‘অভিযোগ ফরম’ নামাতে হবে। ফরম হাতে লিখে পূরণ করতে হবে। স্ক্যান করে বা ক্যামেরায় ছবি তুলে তা [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে হবে। সঙ্গে বিল বা ভাউচার যুক্ত করতে হবে। অভিযোগপত্রটি ০২৮১৮৯৪২৫ এই নম্বরে ফ্যাক্সও করা যাবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১, কারওয়ান বাজারে (টিসিবি ভবন, ৮ম তলা) এসেও সরাসরি অভিযোগ করা যাবে। অবশ্যই ঘটনা ঘটার এক মাসের মধ্যে অভিযোগ করতে হবে।
পণ্যের গায়ের মূল্যের চেয়ে বেশি দাম নিলে এবং রেস্তোরাঁয় খাবারের ঝোলানো মূল্যতালিকার চেয়ে বেশি টাকা নিলে ভোক্তা অভিযোগ করতে পারবেন। অভিযোগ প্রাপ্তির ১০–১২ দিনের মধ্যে অধিদপ্তর থেকে ফোনে বা ই–মেইলে অভিযোগকারী এবং অভিযুক্তকে শুনানির জন্য ডাকা হবে। উভয় পক্ষের উপস্থিতিতে অধিদপ্তরে শুনানি হবে। অভিযুক্ত প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হলে তাঁকে কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড করা যাবে। অর্থদণ্ড দিলে পরিশোধের জন্য সময় বেঁধে দেওয়া হবে। বেঁধে দেওয়া সময়ে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থ পরিশোধ করা হলে আবার অধিদপ্তরের পক্ষ থেকে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করা হবে। তিন কার্যদিবসের মধ্যে অভিযোগকারী এসে অধিদপ্তরের আদায় করা অর্থ দণ্ডের ২৫ শতাংশ নিয়ে যাবেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ০২-৮১৮৯৪১১, ০১৭৭৭৭৫৩৬৬৮ নম্বরে ফোন করেও এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে