অভিযোগ দেওয়ার ১২ দিন পরও মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার ১২ দিন পরও মামলা নেয়নি পুলিশ। ঘটনাটি ‘স্পর্শকাতর’ হওয়ায় সময় নিয়ে তদন্ত চলছে বলে পুলিশের তদন্ত কর্মকর্তা দাবি করেছেন। তবে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে পুলিশের যোগসাজশের কারণেই মামলা নেওয়া হচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।কোতোয়ালি থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নগরের শেখঘাট এলাকার বাসিন্দা চৌধুরী আহমদ মোহায়মেনের অন্তঃসত্ত্বা স্ত্রী হাজেরা মামুনকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক শাহানা ফেরদৌসের পরামর্শে জিন্দাবাজার এলাকার ইউনাইটেড পলি ক্লিনিকে ভর্তি করা হয়। গত ২২ মে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি পুত্রসন্তান হয়। কিন্তু জন্মের পর থেকেই শিশুটি শ্বাসকষ্টে ভুগতে থাকে। বিষয়টি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকসহ বিশেষজ্ঞ চিকিৎসক শাহানা ফেরদৌসকে একাধিকবার জানানো হলেও তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। অবস্থার অবনতি হলে অন্য এক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে শিশুটিকে আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৬ মে শিশুটি মারা যায়।এ ঘটনায় ১০ জুন মোহায়মেন বাদী হয়ে শাহানা ফেরদৌসসহ ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক সুবীরকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেন। গতকাল রোববার বিকেল পর্যন্ত পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নেয়নি।শাহানা দাবি করেন, জন্মের পর পরই নবজাতককে ১৪ ঘণ্টায় তিনবার শিশু বিশেষজ্ঞ দেখেছেন। কোনো অবহেলা করা হয়নি।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এটি একটি স্পর্শকাতর বিষয়। সত্যতা পেলে অবশ্যই মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।’