অভিযোগ নেই, দাবিও নেই, তবু সংসদে নেই জামায়াত
সংসদে যোগ দেওয়ার ক্ষেত্রে কতগুলো দাবি পূরণের শর্ত দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে এ ক্ষেত্রে জামায়াতে ইসলামীর কোনো দাবি বা অভিযোগ নেই। তার পরও সংসদের গত কয়েকটি অধিবেশনে যোগ দেয়নি জামায়াত। কাল সোমবার শুরু হচ্ছে সংসদের ষষ্ঠ অধিবেশন। এতেও জামায়াতের সাংসদেরা যোগ দেবেন কি না, তা এখনো অজানা।জামায়াতের নেতারা বলছেন, সংসদে যোগ দেওয়ার বিষয়ে বিএনপির সিদ্ধান্ত দেখে তাঁরা সিদ্ধান্ত নেবেন। শুধু সংসদে যোগ দেওয়া নয়, সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া না-দেওয়ার ক্ষেত্রেও বিএনপির সঙ্গে তাল মিলিয়েই কাজ করতে চায় জামায়াত। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এসব বিষয়ে বিএনপির সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। দলের শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া শুরু হওয়ার পর এখন পর্যন্ত মাঠপর্যায়ে কার্যকর কোনো আন্দোলন করতে পারেনি জামায়াত। এ নিয়ে দলের মধ্যে হতাশাও আছে। এখন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি দেওয়ার কথা বলছে। এ অবস্থায় জামায়াতও বিএনপির সঙ্গে তাল মিলিয়ে কর্মসূচি দিতে চায়। জামায়াতের নেতারা মনে করছেন, গত দেড় বছরে নানা ব্যর্থতার কারণে সরকারের জনপ্রিয়তা কমেছে। এ অবস্থায় বিএনপির সঙ্গে মিলিয়ে কর্মসূচি দিলে সে ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা আছে।এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সাংসদ আ ন ম শামসুল ইসলাম বলেন, ‘যা করা হবে, আলোচনা করেই হবে।’শামসুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, কাল সোমবার শুরু হতে যাওয়া সংসদের ষষ্ঠ অধিবেশনে তাঁরা যাবেন কি না, এ বিষয়ে আজ রোববার সিদ্ধান্ত হবে। এ নিয়ে বিএনপির সঙ্গে আজ আলোচনা অনুষ্ঠিত হবে। শামসুল ইসলাম বলেন, ‘আমরা সব বিরোধী দল একসঙ্গেই সিদ্ধান্ত নিই। আলাদাভাবে কোনো দল সংসদে যাই না বা বর্জন করি না। গেলে সব দল একসঙ্গে যাব, বর্জন করলেও একসঙ্গে করব।’বিএনপির সঙ্গে জামায়াত বর্তমান সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছিল। বিএনপি দ্বিতীয় ও তৃতীয় অধিবেশন বর্জন করায় জামায়াতও ওই সব অধিবেশনে যায়নি। চতুর্থ অধিবেশনে বিএনপি যোগ দিলে জামায়াতও অধিবেশনে যায়। সর্বশেষ পঞ্চম অধিবেশন আবার বিএনপি বর্জন করলে জামায়াতও বর্জন করে।সংসদ বর্জন করলেও এখন পর্যন্ত জামায়াত কোনো দাবি ও অভিযোগের কথা বলেনি। এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সাংসদ শামসুল ইসলাম বলেন, ‘আমাদের দাবি একসঙ্গেই আছে। আমাদের মুখপাত্র একটাই। বিএনপির পক্ষ থেকে যেসব দাবি তোলা হয়েছে, সেগুলোই আমাদের দাবি। আর সংসদেও তো আমরা আলাদাভাবে কথা বলি না।’অথচ ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রকাশিত নির্বাচনী ইশতেহারে জামায়াত বলেছিল, ‘কোনো দল বা স্বতন্ত্র সাংসদ যেন অনুপস্থিত থেকে সংসদের কার্যক্রম বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য সংসদের কার্যপ্রণালি বিধি এবং প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে।’