শিশু নির্যাতনের ঘটনা যেখানেই ঘটুক না কেন, মামলা নিয়ে অভিযোগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আর তা না করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিশুর পরিবারকে হয়রানি করা যাবে না।
গতকাল বুধবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, গত মঙ্গলবার মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে শিশু নির্যাতনের বিষয়ে নিয়মিত নজরদারি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। বলা হয়, শিশুহত্যাসহ যেকোনো নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতি মাসে আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় নারী ও শিশু নির্যাতন এবং হত্যার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য আলোচনা করবেন। নারী ও শিশু নির্যাতন এবং হত্যা বন্ধে সচেতনতা বাড়াতে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, এনজিও কর্মী, কমিউনিটি পুলিশিং, গ্রাম পুলিশ যেসব পদক্ষেপ নেবে, তা মন্ত্রণালয়কে জানাতে হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হাজেরা খাতুন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) মোহাম্মদ নূরুল ইসলাম, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে কুলসুম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা বেগম, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সালমা জাহান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শাহজাহান আলী, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব রেজাউল করিম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হোসনে আরা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।