সরকারের কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এখন পর্যন্ত দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের মহাপরিচালক ফররুখ আহমেদ গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, অভিযোগ পাওয়া গেলে দুদক আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক বলেন, গত জুন মাসে দুদক ৮৮টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে। এসব মামলায় ১৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এঁদের মধ্যে ৬০ জন সরকারি চাকরিজীবী, ৩৭ জন বেসরকারি চাকরিজীবী, ১২ জন জনপ্রতিনিধি, তিনজন ব্যবসায়ীও রয়েছেন।প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জমা দেওয়া হিসাব বিবরণী দুদক যাচাই করে দেখবে কি না, এমন প্রশ্নের জবাবে ফররুখ আহমেদ বলেন, এটি একদম ভিন্ন বিষয়। সুনির্দিষ্ট অভিযোগ না পেলে দুদক এ ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবে না।উল্লেখ্য, ৪ জুলাই মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী বা এর সমমর্যাদার ব্যক্তিদের সম্পদের হিসাব প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে হবে।শেয়ারবাজার-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন, ‘পুঁজিবাজারে কারসাজির অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি দল কাজ করছে।’ আরও সপ্তাহ খানেক পর এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তিনি পাবেন বলে আশা প্রকাশ করেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে জুন মাসে ৫৬টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক। এসব মামলায় বিভিন্ন পেশার ১৪৩ জনকে আসামি করা হয়েছে। এই এক মাসে ৬৭২টি অভিযোগ কমিশনে এসেছে। এগুলোর মধ্যে ১২১টি অভিযোগ অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হয়েছে। বাকিগুলো কমিশনের তফসিলভুক্ত না হওয়ায় সেগুলো নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া এ সময়ে কমিশনের করা ২৩টি মামলার রায় হয়েছে। এগুলোর মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মামলাটিও রয়েছে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কমিশনের নিজস্ব কার্যক্রমের আওতায় ঘুষ নেওয়ার অপরাধে দুদকের সহকারী পরিচালক জাকির হোসেনসহ দুজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।