রংপুরের তারাগঞ্জ উপজেলায় কাজ না করেই টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের দুই মেট্রিক টন খাদ্যশস্য আত্মসাৎ করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। অভিযুক্ত প্রকল্প চেয়ারম্যানের কাছ থেকে বরাদ্দের দ্বিগুণ পরিমাণ খাদ্যশস্যের বিপরীতে ৮৭ হাজার ৪৮ টাকা ফেরত নিয়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান ২২ এপ্রিল তারাগঞ্জের উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেফাউল আজমকে চিঠি দিয়ে এ নির্দেশ দিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে ইকরচালী ইউনিয়নের হাজীপুর প্রামানিকপাড়া এবতেদায়ি মাদ্রাসার ঘর সংস্কারের নামে সাধারণ কোটায় দুই মেট্টিক টন গম বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রকল্পের সভাপতি আবদুস সালাম ওই মাদ্রাসার ঘর সংস্কারের কাজ না করে তা আত্মসাৎ করেন। এ বিষয়ে ২৮ জানুয়ারি প্রথম আলোয় ‘ টিআর-কাবিখা, কাবিটায় লুটপাটের মহোৎসব’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান গত ২৩ মার্চ সরেজমিনে প্রকল্প এলাকা তদন্ত করেন।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুঠোফোনে বলেন, ‘প্রথম আলোয় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে হাজীপুর প্রামানিকপাড়া এবতেদায়ি মাদ্রাসা পরিদর্শন করেছি। মাদ্রাসার কোনো কাজ হয়নি। প্রকল্প চেয়ারম্যান আমাকে জানিয়েছেন, ওই বরাদ্দ দিয়ে মাদ্রাসার পাশে একটি মসজিদ সংস্কারের কাজ করেছেন। কিন্তু এক প্রকল্পের বরাদ্দ দিয়ে অন্য প্রকল্পের কাজ করার সরকারি বিধান নেই। তাই বরাদ্দ করা গমের দ্বিগুণ মূল্য ফেরত চেয়ে প্রকল্প চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।’ টিআর প্রকল্পের সভাপতি আবদুল সালাম বলেন, ‘মাদ্রাসার কাজ করিনি ঠিকই। কিন্তু কিছুদিন আগে বরাদ্দকৃত ওই গম দিয়ে মাদ্রাসার পাশে মসজিদ সংস্কার করেছি।’ তারাগঞ্জের ইউএনও রেফাউল আজম বলেন, প্রকাশিত সংবাদে যেসব প্রকল্পের নাম উল্লেখ করা আছে সেগুলো পর্যায়ক্রমে তদন্ত করা হবে।