অভিযোগ প্রমাণের আগে চিকিৎসকদের গ্রেপ্তার না করার দাবি
অভিযোগ প্রমাণের আগে চিকিৎসকদের গ্রেপ্তার না করার দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখা। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। চিকিৎসক ও বিভিন্ন হাসপাতালে হামলার প্রতিবাদে বিএমএর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের চিকিৎসকেরা এই মানববন্ধন করেন।
চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে একের পর এক হাসপাতাল ভাঙচুর এবং চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় চিকিৎসকেরা সুবিচার পাচ্ছেন না, উল্টো তাঁদের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এটা মানা যায় না।
বক্তারা বলেন, অভিযোগ প্রমাণের আগে চিকিৎসকদের গ্রেপ্তার করা যাবে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ডের মাধ্যমে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী, কোষাধ্যক্ষ আরিফুল আমীন, যুগ্ম সম্পাদক মো. রবিউল করিম, সাংগঠনিক সম্পাদক এস এম মুইজ্জউল আকবর চৌধুরী, বিজ্ঞানবিষয়ক সম্পাদক নূর হোসেন ভূঁইয়া প্রমুখ।