অভিযোগ ভয়ংকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এইচআইভি সংক্রমিত এক নারী ও তাঁর কয়েকজন সহযোগী এক যুবকের শরীরের শিরায় জোর করে এইচআইভি জীবাণুবাহী রক্ত দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই যুবক গত সোমবার ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ওই নারী ও তাঁর দুজন সহযোগীকে আটক করে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। অভিযোগের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ জানায়, গত ৭ জুলাই ফেঞ্চুগঞ্জের রেলওয়ে কলোনির বাসিন্দা এইচআইভি সংক্রমিত এক নারীর সঙ্গে অভিযোগকারী ওই যুবকের ঝগড়া হয়। এর জের ধরে ওই দিন রাতে ওই নারী তিনজন সহযোগী নিয়ে ওই যুবকের হাত-পা বেঁধে ফেলেন। এ সময় ওই নারী ‘আমার লাইফ তো শেষ! এখন তোর লাইফও শেষ করলাম...!’ বলে ওই যুবকের শিরায় নিজের শরীরের রক্ত দেন।এমন অভিযোগ পেয়ে পুলিশ পরদিন মঙ্গলবার ওই যুবককে থানায় ডেকে আনে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত করতে তাঁর রক্ত পরীক্ষার জন্য সিলেটের বেসরকারি সংস্থা আশার আলোয় পাঠায়। একই সঙ্গে পুলিশ সতর্কতার সঙ্গে ঘটনার খোঁজ নেয়। প্রাথমিকভাবে কিছুটা সত্যতা পাওয়ায় এইচআইভি সংক্রমিত ওই নারী এবং তাঁর দুজন সহযোগী রাজু মিয়া ও পল্টু কুমার দেকে পুলিশ আটক করে। তাঁদের কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে ওই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।ওই যুবক প্রথম আলোকে বলেন, ‘আমার শরীরে আগে এইচআইভির জীবাণু ছিল না। এখন ওদের কারণে এর জীবাণু আমার শরীরে প্রবেশ করলে আমি এর বিচার চাই।’এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আজাদ হোসেন প্রথম আলোকে বলেন, অভিযোগকারীর হাতে ইনজেকশন পুশ করার ক্ষত পাওয়া গেছে। রক্ত পরীক্ষায় ওই যুবকের শরীরে এইচআইভির জীবাণু পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।যোগাযোগ করলে আশার আলো সোসাইটির সিলেটের সমন্বয়কারী তাহমিনা বেগম বলেন, ফেঞ্চুগঞ্জ রেলওয়ে কলোনির বাসিন্দা ওই নারী এইডস আক্রান্ত। তিনি সোসাইটির সদস্য হিসেবে চিকিৎসাও নিয়েছেন। তিনি জানান, পুলিশের কাছে অভিযোগকারী ওই যুবকের রক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। রেলওয়ে কলোনিতে সরেজমিনে জানা যায়, অভিযোগকারী যুবকসহ জেলহাজতে পাঠানো ব্যক্তিরা একই সঙ্গে এলাকায় চলাফেরা করতেন। এইচআইভি সংক্রমিত হওয়ায় এলাকাবাসী অনেকেই ওই নারীকে সহানুভূতির দৃষ্টিতে দেখতেন।