জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের প্রথম সাক্ষীর জবানবন্দি গতকাল রোববার শেষ হয়েছে। কাদের মোল্লা নিজেই আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে এই জবানবন্দি দেন।জবানবন্দিতে কাদের মোল্লা দাবি করেন, তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ আনা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ফরিদপুর রাজেন্দ্র কলেজে ডিগ্রিতে পড়ার সময় সম্ভবত ১৯৬৬ সালে তিনি ইসলামী ছাত্র সংঘে (জামায়াতের সাবেক ছাত্রসংগঠন) যোগ দেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল দ্বিতীয় দিনের মতো কাদের মোল্লার জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবাহান তরফদার।জবানবন্দিতে কাদের মোল্লা বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বরের পর তিনি গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুর থানা থেকে ঢাকায় আসার চেষ্টা করেন। কিন্তু আওয়ামী লীগের তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য মোশাররফ হোসেন, সদরপুর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান তালুকদার ও সদরপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফুল করিমের পরামর্শে তিনি বাড়িতে অবস্থান করেন। তাঁরা বলেছিলেন, এখন তাঁর ঢাকায় যাওয়া নিরাপদ হবে না। তখন তিনি পীর সাহেবের বাড়িতে যাতায়াত করেন এবং চৌদ্দরশি বাজারে ছোটখাটো ব্যবসা করেন।আসামিপক্ষের প্রথম সাক্ষী বলেন, ১৯৭২ সালের শেষদিকে শাহজাহান তালুকদার তাঁকে ঢাকায় হলে পৌঁছে দেন। তিনি পদার্থবিদ্যা বিভাগে ক্লাস শুরু করেন। কিন্তু পরীক্ষাসংক্রান্ত একটি জটিলতার কারণে তিনি ওই বিভাগে লেখাপড়া শেষ করতে পারেননি। এ পর্যায়ে তিনি বলেন, একটি বিষয় বলতে তিনি ভুলে গিয়েছিলেন। তা হলো, একাত্তরের জুলাই মাসের শেষ দিকে তিনি ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য এক সপ্তাহ ব্যবহারিক ক্লাস করেন। এর দুই-তিন দিন পর দুই দিনব্যাপী ব্যবহারিক পরীক্ষা হয়। পরীক্ষা শেষে এক সপ্তাহ ঢাকায় থেকে তিনি বাড়িতে চলে যান। এ সময় ট্রাইব্যুনাল বলেন, মামলার বিষয় একাত্তরে সংঘটিত অপরাধ ও মামলার অভিযোগও সেই সময়ের। তাই এসব বক্তব্যের প্রয়োজন নেই। জবানবন্দির শেষ পর্যায়ে কাদের মোল্লা বলেন, তিনি মনে করেন, যাঁদের সঙ্গে রাজনৈতিক আন্দোলন করেছেন, সখ্য করেছেন, তাঁরা শুধু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থে তাঁর বিরুদ্ধে মামলা করেছে। আনীত অভিযোগের সঙ্গে তাঁর বিন্দুমাত্র সংশ্লিষ্টতা ছিল না এবং নেই।