জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষের চতুর্থ ও শেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া শুরু করেছেন নিজামীর ছেলে মো. নাজিবুর রহমান। জবানবন্দিতে তিনি দাবি করেন, তাঁর বাবার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নাজিবুর রহমানের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।
জবানবন্দিতে নাজিবুর রহমান (৩২) বলেন, তিনি তাঁর বাবার পক্ষে তদবিরকারক হিসেবে এই মামলার শুরু থেকে যুক্ত এবং মামলার অভিযোগের বিষয়ে নানাভাবে সাড়ে তিন বছর ধরে অনুসন্ধান করেছেন। এর ভিত্তিতে তিনি দাবি করেন, তাঁর বাবার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগগুলো মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর প্রমাণ হলো, একাত্তরের ১৬ ডিসেম্বর থেকে ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনয়ন নিয়ে অংশগ্রহণের আগ পর্যন্ত তাঁর বাবার বিরুদ্ধে কোথাও অভিযোগ আনা হয়নি।
আসামিপক্ষের এই সাক্ষী বলেন, তাঁর বাবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাঁর বিরুদ্ধে অনৈতিকভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা সাজানো হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড-সংক্রান্ত কোনো অভিযোগ আনতে ব্যর্থ হন। কিন্তু তা সত্ত্বেও জনৈক ব্যক্তির নির্দেশনায় রাষ্ট্রপক্ষ এই অভিযোগ এনেছে।
এ সময় রাষ্ট্রপক্ষ আপত্তি জানালে আপত্তিসহ তা সংরক্ষণ করা হয়। পরে নাজিবুর রহমান রাষ্ট্রপক্ষের দাখিল করা নথির উল্লেখ করে বলেন, ১৯৭০-১৯৭১ সালে নিজামী অখ্যাত ব্যক্তি ছিলেন না। তাঁর বক্তব্য-বিবৃতি ওই সময় পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো। সরকারি গোয়েন্দা প্রতিবেদনে তাঁর কর্মকাণ্ডের বিবরণ থাকত। তিনি ষাটের দশকের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ও ছাত্ররাজনীতি করেছেন। তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, রাশেদ খান মেনন তাঁর সমসাময়িক রাজনীতিবিদ এবং তাঁরা ওই সময় থেকে রাজনীতি করে যাচ্ছেন। একাত্তরে নিজামীর যেসব বক্তব্য, বিবৃতি ও কর্মকাণ্ডের খবর তৎকালীন পত্রিকায় ও গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে কোথাও তাঁর পরিচিতি হিসেবে আলবদর প্রধান বা আলবদরের কমান্ডার উল্লেখ করা হয়নি। তিনি আলবদরের কোনো বৈঠকে যোগ দিয়েছেন এ ধরনের কোনো প্রতিবেদনও নেই। তিনি যদি জামায়াতের আমির না হতেন, তবে তাঁর বিরুদ্ধে স্বাধীনতার ৪২ বছর পর নতুন করে অভিযোগ আনা হতো না। বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতিতে তিনি একজন ‘ফ্যাক্টর’ বলে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।
আসামিপক্ষের এই সাক্ষী আরও বলেন, নিজামী ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের বিশ্বাসী একজন ব্যক্তি। তিনি শুধু রাজনীতিবিদ নন, একজন ইসলামিক বিদ্বান। তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ইসলামি আইনের ওপর সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও লিখিত বইপত্র পর্যালোচনা করে তিনি দেখেছেন, নিজামী আগাগোড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় বিশ্বাসী।
জবানবন্দির পরবর্তী অংশে বিভিন্ন বই ও পত্রিকার কাটিং আসামিপক্ষের দালিলিক নথি হিসেবে
ট্রাইব্যুনালে প্রদর্শনের জন্য দাখিল করেন নাজিবুর রহমান। তাঁর জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ২৭ অক্টোবর (রোববার) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ১০ নভেম্বর: সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য ১০ নভেম্বর দিন পুনর্নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্তের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।