অভিযোগ শুনে মাথা নিচু করে বসে পড়লেন এক জওয়ান
নাম বলতেই উঠে দাঁড়ালেন হাতকড়া পরা বিডিআর জওয়ান সাইদুল ইসলাম। বিচারক প্যানেলের এক সদস্য বললেন, ২৫ ফেব্রুয়ারির বিদ্রোহের সময় আসামি সাইদুল বিডিআরের মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ করেন। তিনি নিরস্ত্র কর্মকর্তাদের গুলি করে হত্যা করার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেন। নিজেও বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি ব্যাটালিয়নের কর্মকর্তা লে. কর্নেল আবদুর রউফকে বাসা থেকে টানা-হ্যাঁচড়া করে বের করে কোয়ার্টার গার্ডে আটকে রাখেন। অভিযোগ শুনে কাঠগড়ায় মাথা নিচু করে বসে পড়েন সাইদুল।গতকাল মঙ্গলবার এভাবে ১৯২ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। এ নিয়ে তিন দিনে ২৪ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের ৬৬৭ জনের মধ্যে ৩৭৫ জনকে অভিযোগ শোনানো হলো। গত রোববার এসব জওয়ানের বিদ্রোহের বিচার শুরু হয়েছে বিশেষ আদালত-৫-এ। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম এ আদালতে সভাপতিত্ব করছেন।গতকাল সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। দুই দফা বিরতি দিয়ে দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলে। পরে আজ বুধবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।শুনানিতে আদালতের সভাপতিকে সহায়তার জন্য আদালতের সদস্য হিসেবে বিডিআরের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম রাব্বানি ও মেজর সাইদ হাসান তাপস উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে প্রসিকিউটর লে. কর্নেল শামসুর রহমান একে একে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগের বর্ণনা দিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।আদালতের কার্যক্রম শেষে বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহমেদ সাংবাদিকদের বলেন, তুলনামূলক অল্প বয়সী সৈনিকেরাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। বয়স্করা তাঁদের উসকানি দিয়েছেন।রাঙামাটিতে গত ২৪ নভেম্বর ১২ রাইফেল ব্যাটালিয়নের নয় জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআরে বিদ্রোহের বিচার শুরু হয়। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিতে রায় হয়েছে। বিদ্রোহের অভিযোগে সারা দেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। জয়পুরহাট প্রতিনিধি জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় জয়পুরহাটে করা রাষ্ট্রদ্রোহ মামলার ২০ আসামিকে গতকাল জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। গতকাল মামলাটি আমলে নেওয়া ও অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্র নাথ মণ্ডল সময়ের প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে আগামী ২৯ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। আসামিদের স্বজনেরা তাঁদের দেখে কান্নায় ভেঙে পড়েন।