পুলিশের ১০১ জন কর্মকর্তার বিরুদ্ধে ‘আটক বাণিজ্যের’ অভিযোগ আনা হলেও তাঁদের মধ্যে মাত্র ২৯ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সদর দপ্তরের দাবি, শুধু এঁদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
একটি গোয়েন্দা সংস্থার তদন্তের ভিত্তিতে প্রধানমন্ত্রীর দপ্তর গত ১৮ মার্চ ১০১ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জানানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দেয়। এ নিয়ে গত ২৭ মার্চ প্রথম আলোতে ‘১০১ পুলিশের ‘আটক বাণিজ্য, আয় দেড় কোটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ‘বিভিন্ন জেলায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া প্রসঙ্গে’ শিরোনামে গত ৩০ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা ও ইউনিট প্রধানের মাধ্যমে অনুসন্ধান করিয়েছে। যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিট ও জেলায় নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে মেহেরপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জের কর্মকর্তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ‘আটক বাণিজ্য’ হয়েছে বলে অভিযোগ ছিল। তবে পুলিশ সদর দপ্তর যে ২৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে, সে তালিকায় তাঁদের নাম নেই। এ প্রতিবেদনে এঁদের বিষয়ে কিছু বলাও হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে মেহেরপুর পুলিশ সুপারের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল। তবে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থার কথা পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন থেকে জানা যায়নি।
অভিযুক্ত ২৯ কর্মকর্তা: গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) মতিয়ার রহমান, ঝিনাইদহ সদর থানার এসআই মিলন, কালীগঞ্জ থানার ওসি মনিরুদ্দিন মোল্লা, মহেশপুর থানার ওসি আকরাম হোসেন, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) নিকুঞ্জ কুমার ও এএসআই বিপ্লব কুমার মণ্ডল (বর্তমানে বাগেরহাটে), তালার ওসি মতিয়ার রহমান, মাগুরা সদর থানার ওসি এম এ হাসান, ঝালকাঠি সদর থানার ওসি আবদুল মান্নান (বর্তমানে বগুড়ার শাজাহানপুর) ও এসআই আনোয়ার হোসেন, পিরোজপুরের ওসি (তদন্ত) আবদুল মালেক, সদর থানার এসআই তাপস রায় ও এসআই জালাল, ভান্ডারিয়া থানার এসআই নুরুল ইসলাম ও কামরুল ইসলাম, গাজীপুরের শ্রীপুর থানার এসআই কামরুল হাসান, কোনাবাড়ী ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল আলম ও কালিয়াকৈর থানার এসআই মো. শামীম, মানিকগঞ্জের সিঙ্গাইর থানার ওসি লিয়াকত আলী, ওসি (তদন্ত) শাহজাহান ভূঁইয়া, এসআই নিজামুল হক ও হাবীবুর রহমান ও এএসআই ইলিয়াস, শিবালয় থানার ওসি আবুল কালাম আযাদ এবং এসআই আমানুর রহমান ও সোহরাব (ডিসি), নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার এসআই চৌধুরী প্রমোজ কুমার, ভুলতা পুলিশ ফাঁড়ির এএসআই মকবুল হোসেন ও শফিকুল ইসলাম।
গোপালগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, গোপালগঞ্জের ইকরাম খন্দকারসহ নয়জনকে ট্রাক ছিনতাইয়ের অভিযোগে গত অক্টোবর মাসে আটক করা হয়। পরে মতিয়ার রহমান সাত লাখ টাকার বিনিময়ে তাঁদের ছেড়ে দেন। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ‘তাঁর বিরুদ্ধে টাকা গ্রহণের অভিযোগের বিষয়ে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। তবে তিনি আসামিদের কাছ থেকে কৌশলে টাকা নিয়ে আসামি রাসেল খন্দকারকে গ্রেপ্তার ও তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তারে যথাযথ পদক্ষেপ না গ্রহণ করায় তাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন বলে প্রতীয়মান হয়।’ তাঁকে বদলির সুপারিশ করা হয়।
তবে যোগাযোগ করা হলে আবারও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে মতিয়ার রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘এসব মিথ্যা। আমাকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।’
মানিকগঞ্জের বলধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, একই এলাকার রুবেল নুর মোহাম্মদ ও আবুলকে আটক করেন জেলার সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, এসআই হাবীবুর রহমান ও এ এস আই ইলিয়াস। পরে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেন।
পুলিশের তদন্তে বলা হয়েছে, একই সঙ্গে আটকের পর থানার পুলিশ টাকার বিনিময়ে তোফাজ্জল হোসেনকে ছেড়ে দেয়। অন্যদের থানায় দিয়ে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এতে প্রমাণিত হয়েছে, তোফাজ্জল হোসেনকে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জানতে চাইলে সিঙ্গাইর থানার ওসি লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘এটা ভুল তথ্য। যদিও আমার অতিরিক্ত এসপি তদন্ত করেছেন, তবে বিষয়টি মনগড়া।’ তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
অভিযোগ ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল ও এসআই প্রমোজ চৌধুরী হারিয়া গ্রামের আবুল হোসেন ও চুন্নু মিয়াকে আটক করে ৮৩ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন। তদন্তের ফলাফলে বলা হয়েছে, এসআই প্রমোজ চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।
জানতে চাইলে এসআই প্রমোজ চৌধুরী প্রথম আলোকে বলেন, যেকোনো প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড থাকে। নিচের লোকজন শুধু নির্দেশ পালন করে। প্রমোজ এখন নারায়ণগঞ্জ থানায় কর্মরত।
আরও বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে প্রথম আলো কথা বলেছে। বেশির ভাগই অভিযোগ করেছেন, পুলিশ সুপারসহ (এসপি) যাঁরা বড় কর্মকর্তা, যাঁরা তাঁদের দিয়ে এসব কাজ করিয়েছেন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, তদন্তে যিনি দোষী প্রমাণিত হবেন, তাঁর বিরুদ্ধই ব্যবস্থা নেওয়া হবে। এখানে ছোট-বড় বলে কোনো কথা নেই।