অভিযোগকারী দুই ভাইকে কুপিয়ে আহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবরের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ করায় তাঁর সমর্থকেরা দুই ভাইকে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় রসুল্লাবাদ বাজারে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি-২) অধীনে গত অর্থবছরে রসুল্লাবাদ ইউনিয়নের ১৫টি প্রকল্পের জন্য চেয়ারম্যানের নামে নয় লাখ ৪৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান প্রকল্পগুলোতে কোনো কাজ না করেই সব টাকা আত্মসাৎ করেন বলে আবুল কালাম, খন্দকার এনামুল বাশারসহ কয়েকজন গ্রামবাসী সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনও বিষয়টি তদন্ত করতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন।
এদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে দেওয়া অভিযোগ মিথ্যা দাবি করে বুধবার চেয়ারম্যানের সমর্থকেরা রসুল্লাবাদ বাজারে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ চলাকালে চেয়ারম্যানের সমর্থকেরা অভিযোগকারী খন্দকার এনামুল বাশার ও তাঁর বড় ভাই খন্দকার এনামুল হককে বাজারে একা পেয়ে কুপিয়ে জখম করেন। তাঁদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত এনামুল বাশার বলেন, ‘চেয়ারম্যানের লোকজন আমাদের দুই ভাইকে কুপিয়েছে। এমনকি আজ (বৃহস্পতিবার) দুপুরে হাসপাতালে এসেও ডাক্তারদের সামনেই চেয়ারম্যানের ১০-১৫ জন লোক আমাদের ওপর হামলা চালায়।’
অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আলী আকবর পাল্টা অভিযোগ করে বলেন, ‘ওই দুই ভাইয়ের হামলায় বরং সারোয়ার হোসেন (৪০) নামের আমার একজন সমর্থক গুরুতর আহত হয়ে এখন ঢাকায় মৃত্যুর সঙ্গে লড়ছে। প্রকল্পের টাকা আমি আত্মসাৎ করিনি। বর্ষায় পানি এসে যাওয়ায় কাজগুলো বন্ধ রেখেছি। পানি কমে গেলেই প্রকল্পের কাজগুলো পুরোদমে শুরু হবে।’
সহকারী কমিশনার (ভূমি) স্বন্দীপ কুমার সিংহ প্রথম আলোকে বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।