অভিযোগকারী পলাতক, অভিযুক্ত কৃষি কর্মকর্তা চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার কৃষি কর্মকর্তা আজমল হোসেন মণ্ডলকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়েছে কৃষি মন্ত্রণালয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সুদীপ্ত সিড অ্যান্ড এগ্রোভেট লিমিটেডের কাছে ঘুষ চেয়েছেন। অভিযোগকারী ফারুক হোসেন নীলফামারী জেলার বীজ ব্যবসায়ী ও বিএনপির ক্যাডার হিসেবে পরিচিত। বর্তমানে তিনি দ্বিতীয় স্ত্রী হত্যার অভিযোগে পলাতক রয়েছেন। তাঁর দোকানটিও বন্ধ রয়েছে।আজমল হোসেনের অভিযোগ, তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়াটি অনিয়মতান্ত্রিকভাবে করা হয়েছে। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা, মাঠপর্যায়ে সরেজমিনে তদন্ত না করে সচিবালয়ে বসেই তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ার অভিযোগ করেছেন তিনি। বিষয়টি পুনর্বিবেচনা করতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেছেন আজমল হোসেন।কৃষিসচিব সি কিউ কে মোস্তাক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত কোনো বিদ্বেষ থেকে আজমল হোসেনকে চাকরিচ্যুত করা হয়নি। তিনি বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করলে আইন অনুযায়ী তা বিবেচনা করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের কাছে আজমল হোসেনের বিরুদ্ধে ফারুক হোসেন অভিযোগ করেন ২০০৭ সালের ২ জুলাই। নিয়ম অনুযায়ী আজমল হোসেনের তৎকালীন কার্যালয় বীজ প্রত্যয়ন এজেন্সি নীলফামারী কার্যালয় থেকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। কৃষি মন্ত্রণালয় সেদিকে না গিয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম রেজাউল করিমকে বিষয়টি তদন্ত করে দেখার দায়িত্ব দেয়।সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, কোনো কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এলে সরকারি চাকরিবিধি অনুযায়ী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দিয়ে তদন্ত করাতে হয়। কিন্তু বিসিএস সপ্তম ব্যাচের কর্মকর্তা আজমল হোসেনের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন ২০তম ব্যাচের জ্যেষ্ঠ সহকারী সচিব।অভিযোগটি মাঠপর্যায় থেকে এলেও তদন্তকারী কর্মকর্তা রেজাউল সচিবালয়ে বসেই সাক্ষ্যপ্রমাণ গ্রহণ করেছেন। একবারের জন্যও মাঠপর্যায়ে যাননি। গত বছরের ২২ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা মাঠপর্যায়ের তদন্ত ছাড়াই যে প্রতিবেদন দাখিল করেন, তাতে বলা হয়, পারিপার্শ্বিকতা বিবেচনা করে আজমল হোসেনকে দোষী মনে হয়েছে। এই পারিপার্শ্বিকতার ব্যাখ্যাও দেওয়া হয়নি।তদন্তকারী কর্মকর্তা রেজাউল এখন কৃষি মন্ত্রণালয়ে নেই। অনেক চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে অভিযোগকারী ফারুক হোসেনের বাবা জসিম উদ্দিন জানান, স্ত্রী হত্যার মামলায় জামিন না হওয়ায় তাঁর ছেলে পলাতক রয়েছেন। তবে তাঁর পুত্রবধূ আত্মহত্যা করেছেন বলে তিনি দাবি করেন। আজমল হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের একটি অংশের চাপে তড়িঘড়ি ও নিয়মবহির্ভূতভাবে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে।’