অভিযোগকেন্দ্রে হামলা
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির অধীন ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে অবস্থিত পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে বুধবার রাতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ গ্রাহকেরা। একই রাতে গ্রাহকেরা সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি ডাকবাংলো বাজারের অভিযোগ কেন্দ্রে হামলার চেষ্টা করে এবং দুই দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সহনীয় পর্যায়ে আনার সময়সীমা বেঁধে দেয়। অন্যথায় ওই কেন্দ্রসহ উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলার হুমকি দেওয়া হয়।ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত আটটার দিকে মুন্সিরহাট বাজারের অভিযোগ কেন্দ্রে শতাধিক গ্রাহক লাঠিসোঁটা নিয়ে হামলা ও ভাঙচুর করে। এ সময় কেন্দ্রের কর্মচারীরা ভয়ে অন্যত্র আশ্রয় নেন। গ্রাহকেরা কেন্দ্রের দরজা ভেঙে ভেতরে ঢুকে সব আসবাব ভাঙচুর ও কাগজপত্র তছনছ করে। তারা কর্মচারীদের ব্যক্তিগত কক্ষের টিভিসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে ও তছনছ করে। খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর আগেই গ্রাহকেরা কেন্দ্র ছেড়ে চলে যায়। এ ঘটনায় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে।একই রাতে সোনাগাজীর বক্তারমুন্সি ডাকবাংলো বাজারে পবিসের অভিযোগ কেন্দ্রে হামলার চেষ্টা করা হয়। পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছানোয় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। আগামী দুই দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে গ্রাহকেরা আবারও ওই কেন্দ্রে হামলা ও ভাঙচুর করার হুমকি দেয়। এ ঘটনায় সোনাগাজী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।ফেনী পবিসের মহাব্যবস্থাপক (জিএম) মো. সেলিম ভূঁঞা বলেন, পিক আওয়ারে ৪২ মেগাওয়াট ও অফ-পিক আওয়ারে ২৮ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও তাঁদের দেওয়া হয় মাত্র ১১ মেগাওয়াট। ফলে ইচ্ছা না থাকলেও লোডশেডিং না দিয়ে উপায় থাকে না।