প্রায় দুই কোটি টাকা আত্মসাতের মামলায় প্রাইম ব্যাংকের শ্যামলী রিং রোড শাখার সাবেক ব্যবস্থাপকসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
অভিযোগপত্রভুক্ত ব্যক্তিরা হলেন প্রাইম ব্যাংকের শ্যামলী রিং রোড শাখার সাবেক ব্যবস্থাপক (অপারেশন) গোলাম মোস্তফা, ওই শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক জাহানারা বেগম, সাবেক নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম খান, আল আমিন স্টোরের মালিক নুরুল আমিন, মেসার্স আরাফাত ট্রেডার্সের মালিক আরাফাত আলী খান, মেসার্স তামান্না ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আবদুল হাই ও তাঁর স্ত্রী রওশন আরা হাই, মো. শহিদুল ইসলাম ও হাবিবুর রহমান।
এজাহারে বলা হয়েছে, গোলাম মোস্তফা প্রাইম ব্যাংকের শ্যামলী রিং রোড শাখায় ব্যবস্থাপক থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে তাঁর আত্মীয়দের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ প্রক্রিয়ায় ঋণ দেন। ঋণ দেওয়ার সময় উপযুক্ত জামানত বা প্রয়োজনীয় নথিপত্রও তিনি নেননি। জাহানারা বেগম অসৎভাবে লাভবান হওয়ার উদ্দেশে কোনো যাচাই ছাড়াই গোলাম মোস্তফার সঙ্গে যোগসাজশে ওই সব বিধিবহির্ভূত ঋণপত্রে সই করেন। এভাবে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করা হয়৷
এই ঘটনায় ২০১১ সালের ১২ অক্টোবর আদাবর থানায় প্রাইম ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন মামলা করেন। মামলাটি পরে তদন্তের জন্য দুদকে হস্তান্তর করা হয়৷