অভিযোগপত্র আগামী সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সপ্তাহে দেশের সবচেয়ে বড় ও সমালোচিত অর্থ কেলেঙ্কারি হল-মার্ক গ্রুপের অর্থ আত্মসাৎ ঘটনায় অভিযোগপত্র আদালতে জমা দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, আগামী সপ্তাহের প্রথম বা দ্বিতীয় কর্মদিবসেই এ অভিযোগপত্র দুদক থেকে আদালতে পাঠানো হতে পারে।
গত মাসে (সেপ্টেম্বর) মোট ২৫ জনকে অভিযুক্ত করে কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দেয় সংশ্লিষ্ট তদন্ত দল। পরে ১৬ সেপ্টেম্বর কমিশন তা অনুমোদন করে।
সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৪ অক্টোবর ২৭ জনের নামে ১১টি মামলা করে দুদক। এদের মধ্যে হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদসহ সাতজন ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ ২০ কর্মকর্তা ছিলেন। তবে অভিযোগপত্রে ওই ২৭ জন থেকে বাদ দেওয়া হয়েছে আট ব্যাংক কর্মকর্তাকে ও নতুন অন্তর্ভুক্ত করা হয় ছয়জনকে।