অভিযোগপত্র এক বছরেও দাখিল করেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা কৃষকদলের সভাপতি গাজী সালাউদ্দিন হত্যা মামলার অভিযোগপত্র পুলিশ এক বছরেও আদালতে দাখিল করতে পারেনি। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রথম কারামুক্তি দিবস উপলক্ষে পিরোজপুর শহরে জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি হাসানুল কবির লীন তাঁর অনুসারীদের নিয়ে শহরে একটি মিছিল বের করেন। একই দিন বিকেলে জেলা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন তাঁর অনুসারীদের নিয়ে আরেকটি মিছিল বের করেন। একপর্যায়ে হাসানুল কবির লীন ও রিয়াজ উদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জেলা কৃষকদলের সভাপতি গাজী সালাউদ্দিনসহ বেশ কয়েকজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করার পর ৫ সেপ্টেম্বর তিনি মারা যান।এ ঘটনায় গাজী সালাউদ্দিনের ছোট ভাই গাজী গিয়াসউদ্দিন পিরোজপুর সদর থানায় ৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন। এ মামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ নয়জনকে আসামি করা হয়।পিরোজপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লাভলু বলেন, ‘আমাকে ষড়যন্ত্রমূলকভাবে গাজী সালাউদ্দিনের হত্যা মামলায় ফাঁসানো হয়েছে।’ মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর থানার উপপরিদর্শক তাপস কুমার জানান, তদন্ত শেষপর্যায়ে। খুব শিগগিরই আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।