রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে আজ ১৫ নভেম্বর। এত দিনেও এই হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়নি। এতে তাঁর সহকর্মীরা হতাশা ব্যক্ত করেছেন।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউস সাদিক প্রথম আলোকে বলেছেন, ‘মামলার তদন্ত আমরা প্রায় শেষ করেছি। অভিযোগপত্রও প্রস্তুত। এ মাসের মধ্যেই অভিযোগপত্র আদালতে দাখিল করার লক্ষ্য আমাদের আছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে কয়েকজন জামিনে রয়েছেন। এ ছাড়া তদন্তে সবার জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় অভিযোগপত্রে ১০ থেকে ১২ জনের মতো নাম থাকছে। অনেকেই এই হত্যাকাণ্ডে জঙ্গি-সংশ্লিষ্টতার বিষয়ে বললেও তদন্তে কোনো জঙ্গিগোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল গত বছরের ১৫ নভেম্বর দুপুরে ক্যাম্পাস থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পাঁচ ঘণ্টার মাথায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামের একটি পেজ খুলে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্ট্যাটাস দেওয়া হয়। এদিকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলার ঘটনার পর ক্যাম্পাসের আশপাশের এলাকা থেকে ১১ জনকে আটক করে রিমান্ডে নেয় পুলিশ। অপরদিকে রাজশাহী ও ঢাকায় অভিযান চালিয়ে ২৩ নভেম্বর আরও ছয়জনকে আটক করে র্যা ব। তাঁরা খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে ঢাকায় সংবাদ সম্মেলনে দাবি করে র্যা ব। র্যা বের পক্ষ থেকে তখন বলা হয়, গ্রেপ্তার করা ছয়জনের মধ্যে মূল পরিকল্পনাকারী আবদুস সামাদ পিন্টু রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি। পিন্টুর স্ত্রী নাসরিন আখতার বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা। তাঁর সঙ্গে শফিউল ‘অসৌজন্যমূলক আচরণ’ করেন। এর জেরে তাঁকে খুন করা হয়।
এরপর ওই ছয়জনকে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাঁদের এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৫ নভেম্বর আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। মামলাটি প্রথমে নগরের মতিহার থানায় থাকলেও তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় গত ২১ জানুয়ারি গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়। ডিবি শফিউল হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাসরিন আখতারকে গ্রেপ্তার করে। নাসরিন ১৯ মার্চ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। দীর্ঘদিন মামলাটি তদন্ত করার পর পরিদর্শক আসিকুর রহমানকে বদলি করা হয়। গত মাসে তদন্তের দায়িত্ব পান ডিবির পরিদর্শক রেজাউস সাদিক।
পরিদর্শক রেজাউস সাদিক বলেন, এই খুনের ঘটনা ঘটাতে নাসরিন তাঁর স্বামীকে প্ররোচিত করেন বলে তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন। তবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেনের পরিকল্পনা অনুযায়ী। তিনি আরও বলেন, ‘আনোয়ার আত্মগোপনে আছেন। তাঁকে ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের পাঁচ ঘণ্টার মাথায় ফেসবুকে আনসার আল ইসলাম বাংলাদেশ-২ পেজে হত্যার দায় স্বীকার করে দেওয়া স্ট্যাটাসের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি বলেন, স্ট্যাটাসদাতাদের বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে কোনো সম্পৃক্ত না থাকায় তাঁদের বিরুদ্ধে আলাদা মামলা চলছে বগুড়ায়।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ক্যাম্পাসে প্রতিবাদ র্যা লি করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি, এই নির্মম হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে এখন পর্যন্ত প্রণিধানযোগ্য কোনো অগ্রগতি হয়নি।’
অধ্যাপক শফিউলের একমাত্র ছেলে সৌমিন শাহরিদ বলেন, ‘আমি বাবার হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই। বিচারের আশায় আমি এখনো বেঁচে আছি।’