পিলখানা হত্যা মামলার তদন্ত কবে শেষ হবে, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ মামলার অভিযোগপত্রের ব্যাপারে তাঁর দেওয়া সময় পার হওয়ার পর গতকাল তিনি সাংবাদিকদের বলেন, ‘একবার বলে ঠকেছি, সুনির্দিষ্ট করে আর তারিখ বলতে পারব না।’স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সকালে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মাধ্যম শিক্ষাব্যবস্থা উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন। সিআইডির তদন্ত করা মামলার অভিযোগপত্র ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে বলে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, শিশুদের সঠিক ইতিহাস শেখান। মুক্তিযুদ্ধের ইতিহাস শিশুদের সামনে তুলে ধরুন। তারা নিজের দেশ ও জাতির পরিচয় জানতে পারবে। সভার পর সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। খালেদা জিয়ার সরকারবিরোধী আন্দোলনের হুমকির প্রতিক্রিয়া কী—জানতে চাইলে সাহারা খাতুন বলেন, তা ভালোভাবে সামলানো হবে।অনুষ্ঠানে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার বলেন, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা খুব কম সময়ে নানা প্রতিষ্ঠানে সুযোগ পেয়ে থাকে। এ কারণে অভিভাবকেরা চান, তাঁদের সন্তানেরা ইংরেজি মাধ্যমে পড়ুক।বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম জানান, পিলখানায় বর্তমানে চারটি স্কুলে ১১ হাজার ছেলেমেয়ে পড়াশোনা করে। এসব প্রতিষ্ঠান বিডিআরের সন্তানদের জন্য করা হলেও বর্তমানে এগুলোতে ৮০ শতাংশ শিক্ষার্থী বাইরে থেকে আসছে।বিডিআর বিদ্রোহের কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, একঝাঁক বিদ্রোহী সেদিন গোটা পিলখানা দখল করে রেখেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সে সময় পিলখানার ভেতর এসেছিলেন। অস্ত্রধারীরা যদি একটি ট্রিগার টিপত, তাহলে আজ ইতিহাস অন্য রকম হতো।বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহিনা পারভিন সবাইকে ধন্যবাদ জানান।