খুলনায় কম্প্রেসর মেশিন দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্মমভাবে শিশু রাকিব (১২) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
মামলার বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত ২৫ আগস্ট অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। আদালত শুনানির জন্য গতকালের তারিখ নির্ধারণ করেছিলেন। গতকাল খুলনার মহানগর হাকিম আদালতে শুনানি হয়। বাদীর কোনো আপত্তি না থাকায় সকাল সাড়ে ১০টায় আদালতের বিচারক ফারুক ইকবাল অভিযোগপত্রটি গ্রহণ করেন। এরপর তিনি মহানগর দায়রা জজ আদালতে বিচারিক কাজের নির্দেশ দিয়ে আগামী ২২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির আদেশ দেন।
গত ৩ আগস্ট নগরের টুটপাড়া কবরখানার পাশের শরীফ মোটরসে মোটরসাইকেলের হাওয়া দেওয়ার কমপ্রেসর মেশিন দিয়ে শিশু রাকিবের পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ওই গ্যারেজের মালিক মো. শরীফ, তাঁর সহযোগী মিন্টু এবং শরীফের মা বিউটি বেগমকে পিটুনি দিয়ে পুলিশে দেয় ক্ষুব্ধ জনতা। ঘটনার পরদিন তিনজনের নামে খুলনা সদর থানায় হত্যা মামলা হয়।
অভিযুক্ত তিনজনই ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।