পুরান ঢাকায় বিশ্বজিত্ দাস হত্যা মামলার অভিযোগপত্র গতকাল মঙ্গলবার আদালত গ্রহণ করেছেন। ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ১৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।এদিকে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিলের জন্য আইনজীবী মাহবুবুল আলমের করা সময়ের আবেদন গতকাল শুনানি শেষে খারিজ করেন আদালত। ওই হত্যাকাণ্ডের দিন আইনজীবীদের মারধরের অভিযোগে করা নালিশি মামলার বাদী মাহবুবুল আলম গত ২০ মার্চ এই আবেদন করেন। বিশ্বজিত্ হত্যার বিষয়ে সূত্রাপুর থানায় করা পুলিশের মামলা এবং ওই নালিশি মামলার অভিযোগের তদন্ত একসঙ্গে করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু তদন্ত কর্মকর্তা নালিশি মামলার অভিযোগের বিষয়ে তদন্ত না করে প্রতিবেদন দিয়েছেন বলে দাবি করেন মাহবুবুল আলম।দরজি দোকানি বিশ্বজিত্ হত্যা মামলায় ২১ জনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে ৫ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তবে গত বছরের ৯ ডিসেম্বর ঘটনার সময় বিশ্বজিতের পরনে থাকা শার্ট জব্দ করা হয়নি। এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজনকে গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়। তাঁরা হলেন রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান ওরফে নাহিদ, রাশেদুজ্জামান ওরফে শাওন, এমাদুল হক, কাইয়ুম মিয়া, এইচ এম কিবরিয়া ও সাইফুল ইসলাম। তাঁরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। এই সাতজনকেই অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া আদালত চত্বর থেকে সন্দেহভাজন হিসেবে আটক ও পরে এ মামলায় গ্রেপ্তার দেখানো চারজনকে সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। অভিযোগপত্রভুক্ত বাকি ১৪ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারির আবেদন করা হয়।অভিযোগপত্রে বলা হয়, আইনজীবীদের মারধর ও বিশ্বজিেক হত্যা করায় ২১ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৩২/৩০২ ও ৩৪ ধারায় অভিযোগপত্র দেওয়া হলো।২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচির দিনে সকালে বাহাদুর শাহ পার্কের কাছে ককটেল বিস্ফোরণের পর বিরোধী দলের নেতা-কর্মীদের ধাওয়া করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় আতঙ্কে দৌড় দেওয়া পথচারী বিশ্বজিেক কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তিনি হেঁটে দোকানে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।