সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহজাদপুর আমলি আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কাশেম মিয়া জানান, আজ অভিযোগপত্রের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে মামলার বাদী আবদুল হাকিমের স্ত্রী নুরুন্নাহার বেগমের অভিযোগপত্রের ওপর কোনো আপত্তি না থাকায় আদালতের বিচারক হাসিবুল হক তা গ্রহণ করে নথিভুক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত পলাতক থাকা ২৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ছাড়া আগামী ১০ জুলাই আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেন এবং ওই দিন সব আসামিকে আদালতে হাজির করার জন্য শাহজাদপুর থানা-পুলিশকে নির্দেশ দেন। শুনানির সময় জামিনে থাকা আসামি হাবিবুল হক, আলমগীর হোসেন এবং দুলাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। ১ মাস ১১ দিন পর আজ আদালত এ অভিযোগপত্র গ্রহণ করলেন।
শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ২ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম। পরের দিন ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হাকিমের স্ত্রী নুরুননাহার বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক, তাঁর ভাই মিন্টু এবং আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
গত ২ মে এ মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ৩৮ জনকে আসামি করে শাহজাদপুর আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিদের মধ্যে মেয়র হালিমুল হক, নাছিরসহ ১০ জন কারাগারে রয়েছেন। উচ্চ আদালতের নির্দেশে তিনজন জামিনে রয়েছেন। বাকি ২৫ আসামি পলাতক রয়েছেন।