মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবর হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন শরীয়তপুরের আদালত। একই সঙ্গে বাদীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার আসামি আলাউদ্দিন গোমস্তার মালামাল জব্দ করার আদেশও দিয়েছেন আদালত। ২১ আগস্ট আদালত অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।
শরীয়তপুরের জাজিরা উপজেলার মেছের আলী মুনশিকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবরকে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সকালে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে। সিআইডির সহকারী পুলিশ সুপার কাজী সোয়েব হোসেন ১৮ জনকে আসামি করে গত ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১৮ আসামির মধ্যে বাবুল মাদবর ও নুরুল হক মাদবর শরীয়তপুর জেলা কারাগারে আছেন। মালাদাত মাদবর ও আলাউদ্দিন গোমস্তা পলাতক। বাকি আসামিরা জামিনে আছেন।
মামলার বাদী নুরুল ইসলাম মাদবরের ছেলে মোজাম্মেল হক মাদবর জানান, পশ্চিম নাওডোবা ইউপি সাবেক চেয়ারম্যান জলিল গোমস্তার নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করে। ১৮ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা করা হয়। পুলিশ প্রধান আসামি জলিল গোমস্তা ও তাঁর ভাই আলাউদ্দিন গোমস্তাকে বাদ দিয়ে গত বছরের ৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়। এর বিরুদ্ধে নারাজি দিলে আদালত তা মঞ্জুর করে সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ দেন।