ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ছয় বছরের শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলার অভিযোগপত্র গতকাল রোববার আদালত গ্রহণ করেছেন। আদালত পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ১১ এপ্রিল এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। এ ছাড়া অভিযোগ থেকে শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ওরফে জুয়েল মোল্লা, রিজভী আহমেদ ও মো. আলফাজকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।গতকাল সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি আবদুল বারী অভিযোগপত্রে অব্যাহতি দেওয়া জুয়েল মোল্লাসহ তিন আসামিকে মামলায় সম্পৃক্ত করার আবেদন করেন। তিনি বলেন, যে তিন আসামিকে বাদ দেওয়া হয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁদের নাম এসেছে। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।পুলিশ এ মামলার তদন্ত শেষে গত ২৩ মার্চ তিনজনকে পলাতক দেখিয়ে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন মুক্তার হোসেন ওরফে আমির ওরফে ল্যাংড়া আমির, তাঁর স্ত্রী বিউটি বেগম, ভগ্নিপতি আবুল কাশেম, সহযোগী মোহাম্মদ আলী রিফাত, জাহিদুল ইসলাম, আল আমিন, মো. কালা চান, মামুন মিয়া, মো. শাকিল, সুলতান মিয়া, মো. ওয়াসিম ও মো. আকাশ। তাঁদের মধ্যে প্রথম নয়জন কারাগারে ও বাকি তিনজন পলাতক রয়েছেন। অভিযোগপত্রে বলা হয়, মুক্তিপণের জন্য স্থানীয় পেশাদার সন্ত্রাসী আমিরের পরিকল্পনায় ও তাঁর নেতৃত্বে শিশু পরাগকে অপহরণ করা হয়েছিল।গত বছরের ১১ নভেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে শুভাঢ্যার পশ্চিমপাড়ায় বাড়ির গলির মুখ থেকে পরাগকে অপহরণ করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা পরাগের মা লিপি মণ্ডল, বোন পিনাকী মণ্ডল ও তাঁদের গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে। ১৩ নভেম্বর মধ্যরাতে তাকে উদ্ধার করা হয়।